চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক কমিটি নেই বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে সংগঠনটি বলেছে, একটি ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে ছাত্রশক্তি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক। একই দিন বিকেলে সংবাদ সম্মেলন করে মহসিন কলেজে নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তোলে জাতীয় ছাত্রশক্তি।
ছাত্রশক্তির সংবাদ সম্মেলনে বলা হয়, সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন এবং কলেজ প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় স্থানীয় ছাত্রশিবিরের পরিচিত নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে তাদের কার্যক্রমে বাধা দেন এবং অতর্কিত হামলা চালান।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রশক্তি। পাশাপাশি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। ছাত্রশিবিরকে হামলা ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার আহ্বানও জানানো হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের বিবৃতিতে বলা হয়, হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক কমিটি নেই। একটি ঘটনাকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে ছাত্রশক্তির নেতাকর্মীরা।
বিবৃতিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কয়েকজন বহিরাগত কলেজ অধ্যক্ষের কক্ষে বিভিন্ন ইস্যুতে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় টেবিলে আঘাত করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন তারা।
ছাত্রশিবিরের দাবি, পরে তারা কক্ষ থেকে বের হয়ে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিতে শুরু করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রশক্তি সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পুরোনো দমনমূলক ও ট্যাগিংয়ের রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে। ছাত্রশিবিরের নামে মিথ্যা দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা বন্ধেরও দাবি জানানো হয়।


