জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামের মাঠে রাতের আঁধারে প্রায় ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১২ জন কৃষকের প্রায় ১৫ লাখ টাকার সম্ভাব্য ফসল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আর এক-দুই সপ্তাহ পরই এসব শিম বাজারে তোলার কথা ছিল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জমিতে গিয়ে সারি সারি শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান কৃষক-কৃষাণীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন তারা।
কৃষকেরা জানান, সোমবার (২৩ নভেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জমিতে ঢুকে শিমগাছের গোড়া কেটে দেয়। সতিঘাটা গ্রামের মাঠে ১২ জন কৃষক মিলে প্রায় ১০ বিঘা জমিতে উন্নত জাতের শিমের আবাদ করেছিলেন। জমি তৈরি, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ চাষাবাদে তাদের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এর বড় অংশই ঋণ ও ধারদেনা করে সংগ্রহ করতে হয়েছে।
দীর্ঘদিনের পরিচর্যায় গাছগুলোতে ফুল ও শিম ধরতে শুরু করেছিল। আর সপ্তাহ দুয়েকের মধ্যে শিম বিক্রি করে প্রায় ১৫ লাখ টাকা আয়ের আশা করেছিলেন কৃষকেরা। সেই অর্থ দিয়ে ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি সংসারের খরচ চালানোর পরিকল্পনা ছিল তাদের।
ভুক্তভোগী কৃষক আবছের উদ্দিন ও অন্যরা জানান, মঙ্গলবার সকালে জমিতে পরিচর্যার কাজে গিয়ে পুরো ক্ষেতের শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের লোকজনও ঘটনাস্থলে ভিড় করেন।
কৃষকদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের ফসলের ক্ষতি করা হয়েছে। সম্ভাব্য আয় হারানোর পাশাপাশি ঋণের বোঝা কীভাবে সামাল দেবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে বিষয়টি তিনি জেনেছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


