...|...|...

সারাদেশ

ভাইয়ের বিয়েতে দেশে এসে গ্রেফতার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ২:৫২
Shares
ভাইয়ের বিয়েতে দেশে এসে গ্রেফতার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি

ভাইয়ের বিয়েতে দেশে এসে গ্রেফতার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। ছবি: টাইমস টুডে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ সাগর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদারপাড়া এলাকার শামসুল আলমের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর রাতে শাহমীরপুর এলাকায় মামুনুর রশিদ সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এসময় আবদুল আজিজ নামে আরও এক কর্মী গুরুতর আহত হন। ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক মামলার রায় ঘোষণা করেন। রায়ে সুমনসহ সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর থেকেই সুমন পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন হত্যাকাণ্ডের পরপর সুমন বিদেশে পালিয়ে যান। সম্প্রতি তার ভাইয়ের বিয়ে উপলক্ষে দেশে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে গ্রেফতার করেন পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সুমনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।