গোপালগঞ্জে মিছিল চলাকালীন এক যুবককে মারধরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাছাড়া এ পর্যন্ত তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধরা হলেন হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯), শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০), কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭)। সবার বাড়ি চরমানিকদাহ গ্রামে। এছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে একাধিক আহতরা গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গা চিকিৎসা নিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহর কয়েকজন যুবক।
এর জের ধরে রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দারা।


