‘লুকোচুরির কোনো বিষয় নেই। ইয়াবা ব্যবসার সাথে আমার দলের অনেক লোক জড়িত আছে। আপনারা ধরেন না কিসের জন্য? আমি শুনি আপনারা জানেন। আবার আমার কাছে অনুমতি চান। আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আজকের হাউসে আপনারা এগুলো বড় ধরনের অপারেশন করে ধরবেন। কে বিএনপি করল, কে আওয়ামী লীগ করল, কে জামায়াত করল, এটা তো বড় ইস্যু নয়।’
সোমবার (২৩ নভেম্বর) বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমদ মিঠু এসব কথা বলেন।
বড়লেখা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসির উদ্দীন আহমদ মিঠু।
সভায় নিজের দলের নেতাকর্মীদের মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে এমপি মিঠু বলেন, আমার দলের লোক যদি এটার সাথে জড়িত আপনারা পান, আপনারা ডবল ব্যবস্থা নেবেন। সিঙ্গেল ব্যবস্থা নেবেন না। তারপরেও আপনাদের সৎ সাহস আমি পাই নাই।
এ সময় মাদকবিরোধী অভিযানে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেওয়ার আহ্বান জানান তিনি। একইসাথে বড় ধরনের অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।
সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন সংসদ সদস্য। মহিষের গাড়ি চলাচল প্রসঙ্গে তিনি বলেন, বাজারের ওপর দিয়ে আগামী আজকের থেকে যদি রাতে কোনো মহিষের গাড়ি যায়, এটার জন্য অফিসার ইনচার্জ আপনি কিন্তু দায়ী থাকবেন। আপনাকে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিছি, সবকিছু ব্যবস্থা করে দিছি। এই ধরনের সমাজে আমরা বসবাস করতে চাই না।
গরু চুরি প্রতিরোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, পিকআপে তুলেই চোরেরা গরু চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে চেয়ারম্যানদের সজাগ থাকতে হবে।
কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এমপি মিঠু। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে পড়ালেখা ও কিশোর গ্যাংয়ের চিত্র অন্যভাবে দেখতে চান।
ওসির বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, বাবা নিজের ছেলেকে নিয়ে কোপ দিতে গেছে। এটাই তো কিশোর গ্যাং।
রাত ২টার দিকে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ থেকে ২০-২৫ জন তরুণের জুড়ী ডাকবাংলো এলাকায় আসার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তাদের পাওয়া গেলে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যেতে হবে। প্রথমে কাগজপত্র যাচাই করতে হবে। কাগজপত্র না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে মা-বাবাকে থানায় এনে স্ট্যাম্পে মুচলেকা নিয়ে তাদের ছাড়তে হবে।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়েও বক্তব্য দেন সংসদ সদস্য। তিনি বলেন, স্কুল-কলেজ সরকারিকরণ না করাই ভালো। সরকারি করা হলে ফলাফল খারাপ হয়ে যায়। এ সময় পিসিআই স্কুলের শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরে আগামী ছয় মাসের মধ্যে তা সমাধানে কাজ করার কথা জানান তিনি।
এ ছাড়া প্রত্যেক কলেজে অভিভাবক সভা আয়োজনের ঘোষণা দেন এমপি মিঠু। ডিসেম্বরের প্রথম দিকে তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে অভিভাবকদের নিয়ে সভা করবেন বলে জানান। তাঁর মতে, শিক্ষার্থীদের প্রতি সবচেয়ে বেশি অবহেলা করেন অভিভাবকেরা।
আগামী মাস থেকে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির সভা আয়োজনের নির্দেশও দেন তিনি।
সভা শেষে গত দুই-তিন দিন আগে দুর্গম পাহাড়ের ভেতরে কুসিং মোকাবিলায় সফল হওয়ায় বিজিবি ৫২ ব্যাটালিয়নকে ধন্যবাদ জানান সংসদ সদস্য।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


