সাতক্ষীরার শ্যামনগরে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তার পুরোনো বাড়ি জয়নগর গাজীবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ তার ছোট ছেলের বিয়ের উদ্দেশ্যে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের নিয়ে ভেটখালী এলাকায় যাচ্ছিলেন। পথে পেচোর মোড় এলাকায় ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


