...|...|...

বিশ্ব

একদিনেই ইরানপন্থীদের ওপর ইয়েমেনি বাহিনীর ৮১৬ হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১১:০৯
Shares
একদিনেই ইরানপন্থীদের ওপর ইয়েমেনি বাহিনীর ৮১৬ হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৮১৬টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত সেনাবাহিনী। এসব অভিযানে হুথি গোষ্ঠীর অন্তত ১৪৯ জন কমান্ডার ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। একই সঙ্গে হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার দাবি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজিলি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে হুথিদের সামরিক অবস্থান, অতিরিক্ত সেনা মোতায়েনের স্থান এবং যোদ্ধাদের জমায়েত লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, অভিযানে কামান, ড্রোন, রকেট ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। এতে হুথিদের ৭১টি সামরিক যান ও বিভিন্ন যুদ্ধসরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল-নাজিলি আরও জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে হুথিদের হামলা প্রতিহত করেছে সরকারি সেনা ও তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স বাহিনী। পাশাপাশি দক্ষিণ ইয়েমেনে সরকারি বাহিনীর অবস্থানে অনুপ্রবেশ ও অগ্রসর হওয়ার একাধিক চেষ্টাও ব্যর্থ করে দেওয়া হয়েছে।

সরকারের অস্থায়ী রাজধানী এডেন নিরাপদ রয়েছে বলে দাবি করেন সেনাবাহিনীর এই মুখপাত্র। একই সঙ্গে সরকারনিয়ন্ত্রিত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং তায়িজের গ্রামীণ অঞ্চলে বসতবাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণের অভিযোগ তোলেন তিনি।

তবে ইয়েমেনি সেনাবাহিনীর এসব দাবি নিয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হতাহতের সংখ্যাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল করলে দেশটিতে সংঘাত শুরু হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

দীর্ঘ সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর চলতি বছরের জুলাই থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে আবারও সংঘর্ষ তীব্র হয়ে ওঠে।