...|...|...

বিশ্ব

বাহরাইনে ইরানের হামলা, পাকিস্তানিসহ দুইজন আহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ৯:২৯
Shares
বাহরাইনে ইরানের হামলা, পাকিস্তানিসহ দুইজন আহত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের নতুন করে চালানো হামলায় দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া হামলায় দেশটির একটি বেসামরিক শিল্পপ্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাহরাইন সরকার।

রবিবার (২২ নভেম্বর) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শনিবারের হামলায় আহত দুইজনের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী বাহরাইনি নাগরিক এবং অন্যজন দেশটিতে বসবাসরত পাকিস্তানি নাগরিক। বাহরাইনি নাগরিকের অবস্থা স্থিতিশীল থাকলেও পাকিস্তানি নাগরিকের অবস্থা গুরুতর। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইরানের হামলায় দেশটির একটি বেসামরিক শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রতিষ্ঠানটির অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

তবে আইআরজিসির দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। দেশটির রিফা ও আওয়ালি ঘাঁটিতে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

অন্যদিকে বাহরাইন দাবি করেছে, হামলার শিকার শিল্পপ্রতিষ্ঠানটি সম্পূর্ণ বেসামরিক। ইরানের দেওয়া যুক্তি প্রত্যাখ্যান করে দেশটি বলেছে, অন্য দেশের সঙ্গে বিরোধের অজুহাতে কোনো সার্বভৌম রাষ্ট্রে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে। তবে আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাহরাইন। পাশাপাশি হামলার ক্ষয়ক্ষতির জন্য তেহরানকে জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে দেশটি।

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচল এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে বাহরাইন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর দাবি করছে ইরান। এর আগে দুই মাসের বেশি সময় দেশটিতে বড় ধরনের হামলা বন্ধ ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুরু হয়। এপ্রিলে প্রায় ৪০ দিনের তীব্র সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও গ্রীষ্মে তা ভেঙে যায়। এরপর থেকে বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।