আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে ১৪ মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের গয়নার দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে বিয়ে, বিবাহবার্ষিকী ও উৎসবের জন্য যাঁরা স্বর্ণ কেনা পিছিয়ে দিয়েছিলেন, তারা এখন কেনাকাটায় ফিরছেন।
রবিবার (২২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার আমিরাতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৪২৬ দশমিক ৫০ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ৩৯৫ দিরহামে দাঁড়ায়। গত এক মাসে প্রতি গ্রাম স্বর্ণের দাম কমেছে ৫৯ দশমিক ২৫ দিরহাম। চলতি বছরের শুরু থেকে কমেছে ৯৩ দিরহামের বেশি।
এদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ দশমিক ৩৩ শতাংশ কমে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে নেমেছে। সুদের হার নিয়ে কঠোর নীতির আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে বিক্রির চাপের মধ্যে স্বর্ণের এই দরপতন ঘটেছে।
বাফলেহ জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা জানান, দাম বেশি থাকায় যাঁরা কেনাকাটা স্থগিত করেছিলেন, তাঁরা আবারও দোকানে ফিরছেন। বিশেষ করে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বর্ণের চাহিদা বেড়েছে।
জয়ালুক্কাস জুয়েলারির প্রধান নির্বাহী জন পল আলুক্কাস বলেন, দাম কমার পর শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। অনেকে আগাম বুকিং দিয়ে বর্তমান দাম নিশ্চিত করছেন। পাশাপাশি পুরোনো গয়না বদলে নতুন গয়না কেনার প্রবণতাও বাড়ছে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্মকর্তা শামলাল আহমেদ জানান, তাঁদের প্রতিষ্ঠানে ৫০ শতাংশ অগ্রিম পরিশোধ করে তিন মাস এবং শতভাগ পরিশোধ করে ছয় মাসের জন্য স্বর্ণের দাম নিশ্চিত রাখা যায়। এই সুবিধায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
অন্যদিকে কানজ জুয়েলসের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানাক জানান, দাম কমায় ২২ ক্যারেটের ভারী গয়নার চাহিদা বেড়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় ও আরব ক্রেতাদের মধ্যে ঐতিহ্যবাহী গয়নার প্রতি আগ্রহ বেশি।
তবে সব ক্রেতা এখনই স্বর্ণ কিনছেন না। বাজারে দামের ওঠানামা থাকায় কেউ কেউ আরও দরপতনের অপেক্ষায় রয়েছেন। ব্যবসায়ীদের মতে, তুলনামূলক কম দাম, ক্রেতাদের আস্থা এবং স্বর্ণের ঐতিহ্যগত গুরুত্বই বাজারে চাহিদা বাড়াচ্ছে।


