...|...|...

অর্থনীতি

বিশ্বের যে ৭ দেশে সবচেয়ে কম দামে মেলে স্বর্ণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৫
Shares
বিশ্বের যে ৭ দেশে সবচেয়ে কম দামে মেলে স্বর্ণ

ছবি: সংগৃহীত

বিদেশে স্বর্ণ কেনার ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় বেশ কিছু দেশে কম খরচের সুযোগ রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, হংকং ও সিঙ্গাপুরের মতো বাজারে করব্যবস্থা, ব্যবসায়িক প্রতিযোগিতা এবং সরবরাহব্যবস্থার কারণে স্বর্ণ কেনা তুলনামূলক সাশ্রয়ী হতে পারে। 

তবে সব দেশে একই মানের স্বর্ণের দাম সমান নয়। স্থানীয় কর, গয়না তৈরির মজুরি ও মুদ্রার বিনিময় হারের কারণে চূড়ান্ত দামে পার্থক্য তৈরি হয়। বাংলাদেশে রবিবার (২২ নভেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

একই দিন দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ৩৯৫ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৬ হাজার ৪১৯ টাকা। প্রায় ৪০ হাজার টাকা কম। দুবাইয়ের মতো আরও কিছু দেশ আছে, যেখানে স্বর্ণ মেলে সস্তায়।

সংযুক্ত আরব আমিরাত

স্বর্ণ কেনার জন্য বিশ্বের অন্যতম পরিচিত গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এখানে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কম দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

হংকং

হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর নেই। এ কারণে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।

সুইজারল্যান্ড

বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট নেই সুইজারল্যান্ডে। ফলে আন্তর্জাতিক বাজারের দামের কাছাকাছি স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ১২২ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট রয়েছে।

যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম এখানেও ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণভাবে কোনো কেন্দ্রীয় বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর প্রযোজ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৬৮ টাকা।

জার্মানি

জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

তবে কোনো দেশে স্বর্ণের দাম কম হলেই সেখানে গিয়ে কেনা লাভজনক হবে, এমন নয়। আন্তর্জাতিক বাজারদর, স্থানীয় কর, গয়না তৈরির মজুরি, মুদ্রার বিনিময় হার এবং নিজ দেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক—সবকিছু হিসাবে আসবে। সেই হিসেবে দাম কম মনে হলেও দেশে আনার ক্ষেত্রে তা বেড়ে যেতে পারে।