বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। রয়টার্সের হিসাবে, এটি গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে আসে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এর আগে একপর্যায়ে দাম ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারেও নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, বর্তমানে ৩ হাজার ৫০০ ডলারের স্তরটি স্বর্ণের জন্য গুরুত্বপূর্ণ। এই সীমা ভেঙে গেলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে।
এফএক্সএমপায়ারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে থাকা এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর বাড়ার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে।
বাজার বিশ্লেষণে প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলারকে স্বল্পমেয়াদি প্রতিরোধস্তর হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ৩ হাজার ৫০০ ডলারের নিচে নামলে পরবর্তী গুরুত্বপূর্ণ স্তর হতে পারে ৩ হাজার ৩০০ ডলার।
আগামী ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা। এই তথ্যও স্বর্ণের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।
এদিকে ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দাম থেকে স্বর্ণের মূল্য ইতোমধ্যে প্রায় ৩২ শতাংশ কমেছে। ইতিহাস বলছে, এ ধরনের বড় দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে।
লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি পতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় নিয়েছে।
১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের উচ্চতায় ফিরতে প্রায় ১০ বছর লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর সময় লাগে ৬ বছর ৪ মাস। আর ২০১২ সালের বাজারচক্রে ২৯ শতাংশ পতনের পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে স্বর্ণ। এতে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।


