ভারতে স্বর্ণের দাম কমার পেছনে নিজের আহ্বানের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভাষ্য, এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধে নাগরিকেরা সাড়া দিয়েছেন। মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় এর দামও নেমেছে।
শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন মোদি। এ সময় গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর জন্য দেশবাসীর প্রতি দেওয়া আহ্বানের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
মোদি বলেন, খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য স্বর্ণ না কেনার অনুরোধ করেছিলেন তিনি। এই আহ্বানকে ১৯৬৫ সালের খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সাথে তুলনা করেন ভারতের প্রধানমন্ত্রী।
তার দাবি, শাস্ত্রীর আহ্বানে যেভাবে মানুষ সাড়া দিয়েছিলেন, এখনও দেশবাসীর মধ্যে সেই মানসিকতা রয়েছে। তার মতো একজন সাধারণ মানুষের অনুরোধেও নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়েছেন। এর ফলে স্বর্ণের দাম কমেছে এবং অনেকেই তাকে জানিয়েছেন, এতে তাদের অর্থ সাশ্রয় হয়েছে।
গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে ১২ হাজার ৫২৩ রুপিতে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হয়। সে সময় বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর লক্ষ্যেই স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন মোদি।
হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া প্রয়োজন।
একই সাথে জ্বালানি ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরে গত সেপ্টেম্বরে আবারও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ করেন ভারতের প্রধানমন্ত্রী।


