ইরানের সাথে এমন একটি স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসন নীতি বদলে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারে। অন্যদিকে আলোচনায় আগ্রহ দেখালেও নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চাইছে ইরান।
শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইরান অতীতে বারবার সমঝোতা ভঙ্গ করেছে। তার ভাষায়, আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেটি ভেঙে ফেলে। এ কারণে এবার এমন একটি সমঝোতা চান, যা দীর্ঘস্থায়ী হবে।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ফক্স নিউজকে বলেন, আমি এমন একটি চুক্তি করতে যাচ্ছি, যা স্থায়ী হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট যেন নীতির পরিবর্তন করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারেন, সেই নিশ্চয়তাও চুক্তির মাধ্যমে নিশ্চিত করতে চান তিনি।
ইরানের সরকার পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানি নেতৃত্বের একাধিক গোষ্ঠীর সাথে কাজ করেছে। তিনি বলেন, আমরা এখন তৃতীয় গোষ্ঠীর সাথে কাজ করছি। এটিকে আপনারা চূড়ান্ত সরকার পরিবর্তনও বলতে পারেন।
ট্রাম্পের মতে, ইরানের বর্তমান নেতৃত্ব আগের তুলনায় আলোচনায় কিছুটা বেশি বাস্তববাদী হতে পারে। তবে তাদের সাথে সমঝোতায় পৌঁছানো এখনও কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনায় আগ্রহী তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সাথে বার্তা বিনিময় চলছে।
তবে আলোচনায় এগোনোর আগে যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই সমঝোতায় আগ্রহী কি না, তার নিশ্চয়তা চায় ইরান। একইসাথে ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তাও তেহরানের অন্যতম দাবি।
আরাঘচি বলেন, আমরা একটি ভালো, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ চুক্তি চাই। এমন চুক্তি চাই, যা ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথ বন্ধ করবে।
তিনি আরও জানান, ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনা হবে কি না, তা নিয়ে দেশের ভেতরে আলোচনা চলছে। এ বিষয়ে সমর্থন ও বিরোধিতা—দুই ধরনের অবস্থানই রয়েছে। তবে চীন ও রাশিয়া পরিবর্তনের বিরোধিতা করছে বলেও জানান তিনি।
আরাঘচির ভাষ্য অনুযায়ী, ইরানের অন্যতম প্রধান শর্ত হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখা। তবে এ নিয়ে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনায় তেহরান প্রস্তুত। তবে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয় কিংবা যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য নষ্ট হয়—এমন কোনো চুক্তি গ্রহণ করবে না ইরান।


