...|...|...

বিশ্ব

নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৮
Shares
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান

ছবি: সংগৃহীত

নতুন একটি দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত এক ভিডিওতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভেতরে এই নতুন ব্যবস্থা দেখানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, নতুন এই ব্যবস্থা থেকে একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব।

এটি আগের দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় উন্নত বলে মনে করা হচ্ছে। আগের ব্যবস্থায় একসাথে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া যেত। তরল জ্বালানির ব্যবহারে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ নিয়ন্ত্রণে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়।

তবে নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনাটি কোথায় অবস্থিত, সে তথ্য প্রকাশ করেনি তেহরান।

যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা তুলে ধরতেই এই ব্যবস্থা প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগের দাবির জবাব হিসেবেও এই প্রদর্শনীকে দেখা হচ্ছে।

নতুন ব্যবস্থা উন্মোচনের সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি বলেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, আমরা আমাদের যুদ্ধকাঠামোর সাথে নতুন কিছু চমক এবং অত্যন্ত কার্যকর সামরিক সরঞ্জাম যুক্ত করেছি।