...|...|...

অর্থনীতি

পুরোনো স্বর্ণ বিক্রিতে সুখবর দিল বাজুস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩০
Shares
পুরোনো স্বর্ণ বিক্রিতে সুখবর দিল বাজুস

ছবি: সংগৃহীত

পুরোনো স্বর্ণের অলংকার বিক্রি কিংবা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তন করা হবে। এতে আগের তুলনায় পুরোনো গহনা বদলে নতুন গহনা কেনার সময় বেশি সুবিধা পাবেন গ্রাহকরা।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

রবিবার (২২ নভেম্বর) থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।

এর আগে ৫ সেপ্টেম্বর স্বর্ণের এক্সচেঞ্জ ও পারচেজের নুতন রেট নির্ধারণ করে বাজুস। নির্দেশনা অনুযায়ী, পুরোনো স্বর্ণ বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ কর্তনের নিয়ম ছিল।

২২ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে পুরোনো স্বর্ণ বিনিময়ের ক্ষেত্রে কর্তনের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে। তবে সরাসরি পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তনের কথা বলা হয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে পুরোনো গহনা বদলে নতুন গহনা কিনতে আগ্রহী গ্রাহকদের খরচ কিছুটা কমবে। উদাহরণ হিসেবে, কোনো পুরোনো গহনার মূল্য ১ লাখ টাকা নির্ধারণ করা হলে আগে ১২ শতাংশ কর্তনে ১২ হাজার টাকা বাদ যেত। নতুন নিয়মে ৯ শতাংশ কর্তনে বাদ যাবে ৯ হাজার টাকা। অর্থাৎ একই মূল্যায়নে গ্রাহক অতিরিক্ত ৩ হাজার টাকার সুবিধা পাবেন।

তবে পুরোনো স্বর্ণের চূড়ান্ত মূল্য নির্ধারণের ক্ষেত্রে গহনার ওজন, বিশুদ্ধতা ও অন্যান্য বিষয় যাচাই করা হবে। তাই গহনা বিক্রি বা বদলের আগে সঠিক ওজন ও স্বর্ণের মান যাচাই করে নেওয়ার পাশাপাশি দোকানের দেওয়া হিসাব ভালোভাবে বুঝে নেওয়া উচিত।

যা জানা জরুরি

স্বর্ণ বিক্রি করতে চাচ্ছেন? ২২/২১/১৮ ক্যারেট হলে, প্রথমে বাজুসের রেট অনলাইনে যাচাই করবেন। সেখান থেকে ১৫% মাইনাস করে বিক্রি করবেন।

অনেক দোকানি চাইবে ১৮-২০% পর্যন্ত কর্তন করতে, কিন্তু এই সুযোগ দেবেন না।

অতিরিক্ত কর্তন করতে ব্যর্থ হলে ওজনে কম বেশি করার চেষ্টা করবে, তাই সতর্ক থাকবেন। প্রয়োজনে যতটুকু জিনিস বিক্রি করতে যাচ্ছেন ততটুকু অন্য দোকান থেকে পরিমাপ করবেন।

প্রথম দুইটা বিষয়ে দোকানি ব্যর্থ হলে হিসেবে এদিক সেদিক করতে পারে। তাই স্বর্ণের আনা ও রত্তির হিসেব বুঝে যাবেন।