...|...|...

বিনোদন

ভাড়া বাসায় থাকার কারণ জানালেন অনুপম খের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৮
Shares
ভাড়া বাসায় থাকার কারণ জানালেন অনুপম খের

ছবি: সংগৃহীত

নিজের বাড়ি থাকার চেয়ে ভাড়া বাসায় থাকাকেই বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। বাড়ির মালিক হওয়ার সাথে নানা দায়িত্ব ও সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা জড়িয়ে থাকে বলে মুম্বাইয়ের নিজের বাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি।

একই সাথে ইন্টারনেটে তার সম্পদের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বলে যে তথ্য প্রচারিত হচ্ছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন এই অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘দ্য আনফিল্টারড আওয়ার’ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের সম্পদ, বাড়ি ও জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেন অনুপম খের। তিনি জানান, প্রায় ১০ বছর আগে জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন আনেন। নিজের বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। এতে সম্পত্তির বাড়তি দায়িত্ব ও চাপ থেকে মুক্ত থাকতে পারছেন বলে মনে করেন তিনি।

অনুপম খের বলেন, ‘গুগলে আমার সম্পদের পরিমাণ খুঁজলে আপনারা চমকে যাবেন। কখনো কখনো মনে হয়, এসব ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করা উচিত। ৪০০ থেকে ৫০০ কোটি রুপির ১০ শতাংশও আমার নেই।’

নিজের মুম্বাইয়ের বাড়িটি অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করেছিলেন বলে জানান অনুপম। ওই সময় তার স্ত্রী কিরণ খের সংসদ সদস্য নির্বাচিত হয়ে চণ্ডীগড়ে চলে যান। ফলে নতুন করে কোনো সম্পত্তি কেনার প্রয়োজন অনুভব করেননি তিনি। তবে ভাড়া বাসায় থাকলেও জীবনযাপনে বিলাসিতার অভাব রাখেননি। ভালো রেস্তোরাঁয় খাওয়া, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ এবং নামীদামি হোটেলে থাকার অভ্যাসও ধরে রেখেছেন।

নিজের জন্য বাড়ি না কিনলেও মায়ের ইচ্ছা পূরণে ব্যতিক্রম করেছেন এই অভিনেতা। শিমলায় মায়ের জন্য কিনেছেন আট শয়নকক্ষের একটি বাড়ি। প্রায় ৬০ বছর ভাড়া বাসায় থাকার পর নিজের একটি বাড়ির ইচ্ছা প্রকাশ করেছিলেন তার মা। শুরুতে এক শয়নকক্ষের বাড়ি চাইলেও ছেলের কাছ থেকে পেয়েছেন আট শয়নকক্ষের বাড়ি।

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের বিষয়েও নিজের উদ্বেগের কথা জানিয়েছেন অনুপম খের। তার মতে, উত্তরাধিকার ও সম্পত্তি নিয়ে অনেক পরিবারে বিরোধ তৈরি হয়। বৃদ্ধ মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া কিংবা জোর করে উইল করানোর মতো ঘটনাও ঘটে। এসব কারণেই যতটা সম্ভব সম্পত্তির বোঝা কমিয়ে জীবনকে সহজ রাখতে চান তিনি।

প্রসঙ্গত, ২০২৬ সালে মুক্তি পাওয়া নিতেশ তিওয়ারির পৌরাণিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এ জটায়ু চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনুপম খের।