...|...|...

বিনোদন

ইশরাতের সাজে ‘পুতুল বউ’ মেহজাবিন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৪ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৫
Shares
ইশরাতের সাজে ‘পুতুল বউ’ মেহজাবিন

ইশরাতের সাজে ‘পুতুল বউ’ মেহজাবিন। ছবি: সংগৃহীত

লাল বেনারসি, কপালে লাল টিপ, চোখে কাজল আর পরিপাটি করে বাঁধা চুল। সাজে নেই অতিরিক্ত চাকচিক্য, নেই ভারী মেকআপের বাহুল্য। বরং আশির দশকের বাঙালি বধূর স্নিগ্ধতা আর আভিজাত্য যেন ফিরে এসেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাজে। একেবারে যেন পুরোনো দিনের ছবির ফ্রেম থেকে উঠে আসা পুতুল বউ! 

সম্প্রতি এমনই এক ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন মেহজাবীন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাজের ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পুতুল বউ’। আর মেহজাবিনকে এভাবে সাজিয়েছেন ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান লুসেরো বাই ইশরাত-এর ইশরাতুল শোভা। 

আশির দশকের কনের সাজে পুরোনো কোনো জমিদার বাড়ির লোকেশনের এই ফটো ও ভিডিও শুটের ভাবনাটি এসেছে ইশরাতুল শোভার কাছ থেকে। লাল বেনারসি শাড়ির সাথে হালকা বেজ মেকআপ, চোখে কাজল ও ঘন মাসকারা- সব মিলিয়ে সাজটিতে প্রাধান্য পেয়েছে স্বাভাবিক সৌন্দর্য। 

শাড়িটির সাথে মেহজাবীনের ব্লাউজটিও আলাদা করে নজর কেড়েছে। ব্লাউজের নকশা করেছেন ইশরাত নিজেই। টেনে বাঁধা চুলে যুক্ত হয়েছে পিতলের গয়না। সব মিলিয়ে সাজে তৈরি হয়েছে পুরোনো দিনের বিয়ের আমেজ, অথচ উপস্থাপনায় রয়েছে আধুনিক রুচির ছোঁয়া। 

এই সাজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ চুলের স্টাইল। চুল সাজিয়েছেন আনোয়ারা সেতু। অন্যদিকে, লাল বেনারসি শাড়িতে মেহজাবীনের ঐতিহ্যবাহী কনে রূপকে আরও আকর্ষণীয় করে তুলেছে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান অশিন-OSHIN।  

এনিয়ে লুসেরো বাই ইশরাত এর স্বত্বাধিকারী ইশরাতুল শোভা বলেন, এখনকার ব্রাইডাল ফ্যাশনে বিভিন্ন দেশের বিভিন্ন স্টাইলের মেকাপ ট্রেন্ড ফলো করা হয়। এর মাঝে হারিয়ে যাচ্ছে ৮০/৯০ এর দশকের বাঙালি কনে সাজ। নতুন জেনারেশনকে আমাদের ঐতিহ্যবাহী বধূ সাজের স্টাইল পরিচয় করিয়ে দিতেই এই ফটোশুটটি করা।