...|...|...

বিনোদন

আশা মাল্টিমিডিয়ার ব্যানারে মৌলিক প্রেমের গল্প নিয়ে আসছেন রায়হান রাফি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৭
Shares
আশা মাল্টিমিডিয়ার ব্যানারে মৌলিক প্রেমের গল্প নিয়ে আসছেন রায়হান রাফি

ছবি: সংগৃহীত

সমকালীন বাংলা চলচ্চিত্রের আলোচিত নির্মাতা রায়হান রাফি এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন মৌলিক প্রেমের গল্পের সিনেমা। নতুন এই রোমান্টিক চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়া ও কানন ফিল্মস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির যৌথ প্রযোজনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান এবং নির্মাতা রায়হান রাফি।

‘তুফান’, ‘সুড়ঙ্গ’ ও ‘দামাল’-এর মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমা নির্মাণের পর এবার রোমান্টিক ঘরানার গল্প নিয়ে কাজ করতে যাচ্ছেন রায়হান রাফি। নতুন এই সিনেমার মধ্য দিয়ে ভিন্নধর্মী এক প্রেমের গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়ার কর্ণধার আকাশ রহমান জানান, দেশীয় দর্শকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী এবং আন্তর্জাতিক দর্শকদের কাছে মানসম্মত বাংলা সিনেমা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে সিনেমাটিতে বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নির্মাতা রায়হান রাফি ও আকাশ রহমান সিনেমাটির নির্মাণ পরিকল্পনা এবং আন্তর্জাতিক পরিবেশনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সিনেমাটির নাম, প্রধান অভিনয়শিল্পীদের তালিকা এবং শুটিং শুরুর তারিখ শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।