থাইল্যান্ডের জনপ্রিয় পপ তারকা পিট পিরার লাশ উদ্ধার করা হয়েছে তার নিজ বাসভবন থেকে। দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি এলাকায় গত ১৭ নভেম্বর তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে এ গায়িকার বয়স হয়েছিল ৪৭ বছর।
সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পিট পিরার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার লাশ ননথাবুরির পাকক্রেড ২ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে তারা এ খবর জানতে পারেন। তবে তার পক্ষ থেকে এখনো ভক্তদের উদ্দেশে মৃত্যুর বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, পিট পিরার প্রকৃত নাম পিরাওয়াত আসাওয়াওচিরাউইট। পপ ও আবেগঘন গান গেয়ে সংগীতাঙ্গনে পরিচিতি পান তিনি। বিশেষ করে ‘পিসমেকার’ ব্যান্ডের বয়ের সাথে পপ জুটি হিসেবে তার জনপ্রিয়তা ছিল।
দীর্ঘ ২৩ বছর পর গত ১৬ ও ১৭ মে আবারও এক মঞ্চে হাজির হয়েছিলেন এ জুটি। ব্যাংককের এমস্ফিয়ারের ইউওবি লাইভে অনুষ্ঠিত ‘রি:পিস পিসমেকার’ শীর্ষক কনসার্টে তাদের এই পুনর্মিলন ঘটে। এটি ছিল দীর্ঘ বিরতির পর একসাথে তাদের প্রথম কনসার্ট।

