...|...|...

বিনোদন

যুক্তরাষ্ট্র ছেড়ে যাযাবর জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৭
Shares
যুক্তরাষ্ট্র ছেড়ে যাযাবর জীবনের পথে অ্যাঞ্জেলিনা জোলি

ছবি: সংগৃহীত

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রের বাইরে বেশি সময় কাটানোর পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে তাঁর যুক্তরাষ্ট্র ছাড়ার গুঞ্জন চললেও এবার নিজেই জানিয়েছেন, জীবনের নতুন অধ্যায়ে তিনি স্থায়ী ঠিকানার বদলে ভ্রমণনির্ভর বা যাযাবর জীবনধারা বেছে নিতে চান। এনডিটিভি এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেসে সন্তানদের সাথে বসবাস করা এই অভিনেত্রী জানান, তাঁর ছয় সন্তানই এখন প্রাপ্তবয়স্ক। ফলে দীর্ঘদিনের পারিবারিক দায়িত্বের একটি অধ্যায় শেষ হয়েছে। এই সময়টিকে তিনি নিজের জীবনের একটি বিশেষ পরিবর্তনের পর্যায় হিসেবে দেখছেন।

‘ল’অফিসিয়েল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বাইরে আরও বেশি সময় কাটানোর পরিকল্পনা করছেন। তাঁর ভাষ্য, “আমার মনে হয়, আমি যুক্তরাষ্ট্রের বাইরেই বেশি সময় কাটাব।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জোলি জানান, নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানায় আটকে থাকতে চান না তিনি। তবে পরিবারের জন্য একটি ‘হোম বেস’ বা মূল আবাস রাখতে চান, যেখানে থাকবে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র ও পারিবারিক স্মৃতি। এর বাইরে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে চান।

জোলি তাঁর সৃজনশীল প্রতিষ্ঠান ‘অ্যাটেলিয়ার জোলি’-কে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করার কাজও এগিয়ে নিচ্ছেন। এর বৈশ্বিক কার্যক্রমের শুরু হবে ব্রাজিল থেকে। সেখানে স্থানীয় কারুশিল্পী ও নির্মাতাদের সঙ্গে কাজ করার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি কাছ থেকে জানার পরিকল্পনা রয়েছে তাঁর।

মানবিক কাজেও সক্রিয় থাকবেন এই অভিনেত্রী। জাতিসংঘের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের শরণার্থী জনগোষ্ঠীর জন্য কাজ করার পাশাপাশি কম্বোডিয়াভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি। জোলি জানিয়েছেন, বছরের কিছু সময় কম্বোডিয়ার বাড়িটি খেমার সংস্কৃতির চর্চা ও বসবাসের কেন্দ্র হিসেবে ব্যবহার করবেন।

অ্যাঞ্জেলিনা জোলি ও তাঁর সাবেক স্বামী ব্র্যাড পিটের ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়েন। ২০১৬ সালে এই দম্পতির বিচ্ছেদ হয় এবং ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত হয়।

এর আগে জোলি জানিয়েছিলেন, সন্তানদের অভিভাবকত্ব ও পারিবারিক দায়িত্বের কারণেই তিনি এতদিন লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন। এখন সন্তানরা বড় হয়ে যাওয়ায় নিজের জন্য নতুন এক জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।