...|...|...

বিনোদন

‘থর’খ্যাত ক্রিস হেমসওয়ার্থের বাড়ি থেকে ৩টি গাড়ি চুরি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩১
Shares
‘থর’খ্যাত ক্রিস হেমসওয়ার্থের বাড়ি থেকে ৩টি গাড়ি চুরি

ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) সুপারহিরো ‘থর’ চরিত্রের অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মুখোশধারী চার ব্যক্তি বাড়িতে ঢুকে পরিবারের তিনটি গাড়ি চুরি করে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে গাড়ি তিনটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বায়রন বে এলাকার কাছে অভিনেতার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে ছিলেন ক্রিসের স্ত্রী ও অভিনেত্রী এলসা পাটাকি।

সংবাদমাধ্যম ৭নিউজকে পুলিশ জানায়, চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তিনটি গাড়ি নিয়ে যায়। ঘটনার সময় এলসা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পোষা কুকুরগুলোর ডাক শুনে তার ঘুম ভাঙলেও পরে আবার ঘুমিয়ে পড়েন। সকালে উঠে গ্যারেজে পরিবারের তিনটি গাড়ি দেখতে পাননি তিনি।

চুরি হওয়া গাড়িগুলোর মধ্যে ছিল একটি বিওয়াইডি বৈদ্যুতিক গাড়ি, একটি রাম ট্রাক এবং একটি ফোর্ড রেঞ্জার র‍্যাপটর। গাড়িগুলোর চাবি ভেতরেই রাখা ছিল।

বাড়ির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখতে পায়, বালাক্লাভা বা মুখোশ পরা কয়েকজন ব্যক্তি দেয়াল টপকে গ্যারেজে প্রবেশ করে। তাদের মধ্যে দুজনের হাতে ছুরি ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনার দিনই বাড়ি থেকে বেশ দূরে দুটি গাড়ির সন্ধান পায় পুলিশ। পরদিন ১২ নভেম্বর উদ্ধার করা হয় তৃতীয় গাড়িটিও। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে অস্ট্রেলিয়ায় ফিরে বসবাসের সিদ্ধান্তকে জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত বলে অভিহিত করেছিলেন ক্রিস হেমসওয়ার্থ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘স্মার্টলেস’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, ২০১৫ সালে পরিবার নিয়ে লস অ্যাঞ্জেলেস ছেড়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় তার মনে হয়, যেন ছুটিতে এসেছেন।

তাদের বড় একটি খামার রয়েছে। সেখানে ঘোড়া, মোটরসাইকেল ও সার্ফিংয়ের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার গ্রামীণ পরিবেশে নিজের বেড়ে ওঠার স্মৃতিও দেশে ফেরার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানিয়েছিলেন অভিনেতা।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জনপ্রিয় সুপারহিরো ‘থর’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান ক্রিস হেমসওয়ার্থ। ২০১১ সালে ‘থর’ সিনেমার মাধ্যমে প্রথম এ চরিত্রে অভিনয় করেন তিনি। পরে ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজ, ‘থর: রাগনারক’ ও ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

সূত্র: ই-নিউজ