‘বাবা-মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না’এমন মন্তব্যের সমালোচনা করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে, সন্তান লালনপালনের দায়িত্ব শুধু মায়ের নয়, বাবা ও মা দুজনেরই সমান। কর্মজীবী নারীদের চাকরি ও সন্তান পালনের মধ্যে ভারসাম্য রাখতে কর্মক্ষেত্রে মানসম্মত শিশুযত্নের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা তুলে ধরেন শবনম ফারিয়া। সেখানে দেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের উদাহরণ টেনে নারীদের কর্মজীবন, অর্থনৈতিক স্বাধীনতা এবং সন্তান লালনপালন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
পোস্টে অভিনেত্রী উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক এবং তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রীর মেয়েও অটিজম নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগে কাজ করেছেন। এসব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নারীরা বড় দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার ও সন্তানদের প্রতিও যত্নশীল থাকতে পারেন।
প্রধানমন্ত্রীর স্ত্রীকে ছাতা ধরে রাখার একটি দৃশ্যের প্রসঙ্গ টেনে শবনম ফারিয়া বলেন, এমন ছবি দেখে অনেকেই নিজেদের স্বামীদের শেখার পরামর্শ দেন। আবার সাবেক প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার ছবি তার ছেলে প্রকাশ করার পর অনেকে মন্তব্য করেছিলেন, নারীরা যত বড় দায়িত্বেই থাকুন, সন্তানদের পছন্দের কিছু করতে তারা কখনো ক্লান্ত হন না।
অভিনেত্রীর মতে, এসব ঘটনা অন্য নারীদেরও অনুপ্রাণিত করে। তবে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পক্ষে কথা বলার পাশাপাশি বাবা-মা দুজনের চাকরি করা নিয়ে নেতিবাচক মন্তব্য করাকে তিনি অসংগত মনে করেন।
এ প্রসঙ্গে নিজের পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘আমাদের মতো দেশে যেখানে আমরা প্রতিনিয়ত মেয়েদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে বলি, ফ্রি শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করে সরকার এবং এনজিওগুলো, মেয়েদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করার জন্য মেয়েদের কাজ করাতে উৎসাহিত করা হয়, সেখানে যখন দায়িত্ববান জায়গা থেকে যদি স্টেটমেন্ট আসে, ‘বাবা-মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না’, তখন এইটা খুব প্রশ্নবিদ্ধ একটা মতামত হয়।’
কর্মজীবনের মাঝপথে অনেক নারীর চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। সম্প্রতি একটি নিবন্ধে পড়েছেন, করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত অনেক নারী শুধু সন্তান লালনপালনের জন্য চাকরি ছেড়ে দিচ্ছেন। তার মতে, সন্তান পালনের দায়িত্ব মায়ের একার ওপর চাপিয়ে না দিয়ে বাবা-মা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া প্রয়োজন।
এ সমস্যা সমাধানে প্রতিটি অফিসে মানসম্মত দিবাযত্নকেন্দ্র চালুর প্রস্তাব দিয়েছেন শবনম ফারিয়া। পাশাপাশি কর্মীদের সন্তানদের দেখাশোনার জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘কাজ এবং সন্তান লালনপালন একইসাথে করতে পারে।’ কর্মজীবী মায়েরা যেন সন্তানকে রেখে কাজে যাওয়ার সময় অপরাধবোধে না ভোগেন, সে ধরনের পরিবেশ তৈরি করাও জরুরি বলে মনে করেন।


