বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ক্যানসার আক্রান্ত ৫০ শিশুর চিকিৎসার দায়িত্ব নেন। নিজের ৫০ বছর পূর্তি উপলক্ষে মানবিক এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় অভিনয়ের জন্য পাওয়া পুরো পারিশ্রমিক অর্থাৎ ৬ কোটি রুপি শিশুদের চিকিৎসায় ব্যয় করে ২০২৫ সালে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করেন তিনি।
গত ২২ সেপ্টেম্বর ক্যানসার রোজ ডে উপলক্ষে বিবেকের এই উদ্যোগের কথা সামনে আসে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে তিনি জানিয়েছিলেন, রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ সিনেমায় কাজের জন্য কোনো পারিশ্রমিক নিতে চান না তিনি। বরং পুরো অর্থ ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যয় করতে চান। তখন হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, প্রযোজক নমিত মালহোত্রাকে তিনি বলেছিলেন যে এই কাজের জন্য একটি পয়সাও নিতে চান না এবং ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসায় এই অর্থ দান করতে চান।
‘রামায়ণ’ সিনেমার সাথে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করেও নিজের অবস্থান তুলে ধরেছিলেন অভিনেতা। প্রযোজক নমিত মালহোত্রার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছিলেন, এই কাজটি তার খুব ভালো লেগেছে এবং তার বিশ্বাস এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে শক্ত অবস্থানে নিয়ে যাবে। প্রায় এক বছর পর নিজের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন বিবেক। ক্যানসার রোজ ডে এবং জীবনের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে ৫০ শিশুর চিকিৎসার দায়িত্ব নেন তিনি।
ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তায় বিবেকের সম্পৃক্ততা অবশ্য নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই এ ধরনের বিভিন্ন মানবিক উদ্যোগের সাথে যুক্ত রয়েছেন তিনি। তাই ‘রামায়ণ’ সিনেমার পারিশ্রমিক এই কাজে ব্যয় করা তার দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।


