...|...|...

বিনোদন

মুম্বাই ফিল্ম সিটিতে আগুন, পুড়ে ছাই রণবীর-সাইয়ের ‘রামায়ণ’ সেট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, রাত ১০:১৬
Shares
মুম্বাই ফিল্ম সিটিতে আগুন, পুড়ে ছাই রণবীর-সাইয়ের ‘রামায়ণ’ সেট

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’র শুটিং সেট। আগুনে ছবিটির সেটের পাশাপাশি আরও কয়েকটি সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানের শুটিং স্পটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ৫ অক্টোবর ভোরে ফিল্ম সিটির রিলায়েন্স মিডিয়া ওয়ার্কস ও প্রাইম ফোকাসের পেছনে থাকা একটি অস্থায়ী সেটে আগুনের সূত্রপাত হয়। ভোর ৪টার দিকে বিষয়টি মুম্বাই ফায়ার ব্রিগেডকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ, ওয়ার্ড কন্ট্রোল ও অ্যাম্বুলেন্সের সদস্যরা।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) ফায়ার ব্রিগেডের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক ওয়্যারিং ও কেবেলের আশপাশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অস্থায়ী সেটটিতে কাঠের পাটাতন, দরজা, এসি ইউনিট, বাঁশ, প্লাস্টিক ও সাউন্ড সিস্টেমসহ বেশ কিছু দাহ্য সামগ্রী ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রায় ১০০ ফুট বাই ২০ ফুট আয়তনের পুরো সেটজুড়ে। পরে সকাল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’র সেট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আরও দুটি শুটিং সেটে আগুনের প্রভাব পড়েছে। এর মধ্যে রয়েছে ‘এমটিভি হাসেল’ এবং ‘পতি পত্নী অউর পাঙ্গা সিজন ২’-এর সেট। কাছাকাছি এসব স্থানে শুটিং চলায় আগুনের ঘটনায় কয়েকটি প্রযোজনার কাজও সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর সেট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পরে তা পাশের ‘এমটিভি হাসেল’-এর সেটের দিকে চলে যায়। তবে ওই দুই সেটে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে আগে থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে। সিনেমাটির প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন অমিতাভ বচ্চন, রবি দুবে, যশ ও রাকুলপ্রীত সিংসহ অনেকে।

পরিকল্পনা অনুযায়ী ‘রামায়ণ’র দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে। এর মধ্যেই সিনেমাটির শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন করে আলোচনায় এনেছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটিকে।