...|...|...

সারাদেশ

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৩:৫৭
Shares
কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন

কুমিল্লায় একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির।

তিনি জানান, মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সদর দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুন নেভানোর পরও ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। অগ্নিনির্বাপণের সময় ফুয়াদ হোসেন (২৪) নামে এক ফায়ার ফাইটার আহত হন। তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দীন বলেন, আহত একজন ফায়ার ফাইটারকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে লিকেজ অথবা অন্য কোনো কারিগরি ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফিলিং স্টেশনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।