বলিউডের বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের এই সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই তার লুক ও অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে রাবণের রাজকীয় সাজ, পোশাক ও মুকুট নজর কেড়েছে সবার। তবে পর্দায় এই চরিত্রকে জীবন্ত করে তুলতে যশকে যে কতটা ভারী পোশাক বহন করতে হয়েছে, সেই তথ্য সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির কস্টিউম ডিজাইনার সানিয়া সারধারিয়া জানিয়েছেন, রাবণের চরিত্রে যশের অধিকাংশ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। এসব পোশাকের সাথে ছিল ভারী গয়না ও অন্যান্য অনুষঙ্গ। তবে বিশেষ কিছু দৃশ্যের জন্য আরও ভারী পোশাক পরতে হয়েছে অভিনেতাকে।
বিশেষ করে লঙ্কার সঙ্গে সম্পর্কিত রাবণের সাজ, তার বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানের পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি। অর্থাৎ কিছু দৃশ্যে প্রায় ৩৩ কেজি ওজনের পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন যশ।
পোশাকের পাশাপাশি রাবণের মুকুট তৈরি করাও ছিল নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ। ডিজাইনার সানিয়া সারধারিয়ার ভাষ্য, দীর্ঘ সময় মাথায় মুকুট পরে শুটিং করার বিষয়টি বিবেচনায় রেখে এর ওজন কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল। মুকুটের নকশা চূড়ান্ত করার আগে তৈরি করা হয় একাধিক থ্রিডি নমুনা। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মুকুটটির ওজন কমানোর চেষ্টা করা হয়। সবশেষে এর ওজন দাঁড়ায় ১ দশমিক ৮ কেজি। এর চেয়ে হালকা করা সম্ভব হয়নি বলেও জানান ডিজাইনার।
এত ভারী পোশাক ও মুকুট পরে দীর্ঘ সময় শুটিং করা যশের জন্য ছিল বেশ শারীরিক চ্যালেঞ্জের। পোশাকের ওজনের কারণে চলাফেরাও অনেকটা সীমিত হয়ে পড়ত তার। তবে পুরো বিষয়টি হাসিমুখেই সামলেছেন অভিনেতা। এমনকি পোশাকের ধারালো অংশ নিয়ে মাঝেমধ্যে সহকর্মীদের সাথে মজাও করতেন তিনি।
উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে। নমিত মালহোত্রা প্রযোজিত সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার।
দুই পর্বে নির্মিত সিনেমাটির প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


