সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই প্রজন্মের আলোচিত একজন গায়িকা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে তার গান আওয়ামী সরকার পতনের ক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছিল। তিনি এবার আলোচনায় বিয়ের খবরে। সম্প্রতি নিজের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেন তিনি। তবে সেখানে ঢেকে রেখেছিলেন স্বামীর মুখ। সে নিয়ে হয়েছে অনেক জলঘোলা।
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূর নিজেই স্বীকার নিয়েছেন পারশাকে বিয়ের কথা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে লাইভে এসে বিয়ের খবর স্বীকার করেন তিনি।
সেখানে তিনি জানিয়েছেন, কোনো ধর্ম মেনে নয়, তাদের বিয়ে হয়েছে আইনি বিধানে। সেটিও বাংলাদেশের প্রচলিত কোনো আইনে নয়। নূরের ভাষ্য, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণের প্রয়োজন হয়নি।
বিয়ের খবর এত দিন আড়ালে রাখার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। জানান, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তারা। পাঞ্জাবি, শাড়ির আঁচল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণের মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ।
পারশার পরিবার ও ক্যারিয়ারকে সম্মান জানিয়ে একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর। একই সাথে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আপত্তিকর এআই ছবি ও ট্রল নিয়েও কথা বলেন তিনি।


