...|...|...

বিনোদন

মৌসুমীর সাথে ছবি শেয়ার করে যা বললেন কাজী মারুফ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০১
Shares
মৌসুমীর সাথে ছবি শেয়ার করে যা বললেন কাজী মারুফ

ছবি: সংগৃহীত

ঢালিউডে কাজী মারুফ ও মৌসুমীর ভাই-বোনের জুটি এখনো দর্শকের মনে আলাদা জায়গা দখল করে আছে। কাজী হায়াত পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় তাদের অভিনয় আজও মনে রেখেছেন অনেকে। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ কমেনি।

এবার সেই স্মৃতিই নতুন করে সামনে আনলেন কাজী মারুফ। মৌসুমীর সাথে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমরা ইতিহাস হয়ে থাকব।’

তার এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কি আবারও ফিরছে ‘ইতিহাস’ সিনেমার দ্বিতীয় কিস্তি?

কাজী মারুফের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তরাও পুরোনো দিনের স্মৃতি তুলে ধরেছেন। একজন লিখেছেন, ‘বাংলার জগতে কোনো মুভিতে যদি ভাই-বোনের চরিত্রে ভালো অভিনয় দেখে থাকি, তাহলে মারুফ ভাই ও মৌসুমী আপাকেই দেখেছি। তোমাদের জুটি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রতিটি পরিবারের মানুষ যদি বাস্তবে এমন হতো, অসাধারণ লাগত।’

আরেকজন মন্তব্য করেন, ‘শাকিবের ৩০০ ছবির থেকেও ইতিহাস বেস্ট।’

এমন সব মন্তব্যে স্পষ্ট, দুই তারকার পর্দার ভাই-বোনের সম্পর্ক দর্শকের মনে এখনো কতটা জায়গা নিয়ে আছে।

২০০২ সালে মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত ‘ইতিহাস’। এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয় তার ছেলে কাজী মারুফের। প্রথম সিনেমায়ই দর্শকের নজর কাড়েন তিনি। এতে মারুফের বোনের চরিত্রে অভিনয় করেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সিনেমাটি মারুফের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে আছে।

একসময় ‘ইতিহাস ২’ নির্মাণের আলোচনা সামনে এসেছিল। সেই সম্ভাব্য গল্প নিয়েও কথা বলেছিলেন কাজী হায়াত। বছর তিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন কাজী হায়াত জানিয়ে ছিলেন, অনেক দিন ধরেই ভাবা হচ্ছে ‘ইতিহাস ২’ তৈরির কথা। চিত্রনাট্য লেখা হচ্ছে। তিনি বলেন, ‘সত্যি কথা বলি, মারুফের আগ্রহেই কাজটি করার প্রস্তুতি নিচ্ছি আমরা। পুরো গল্প এখন মাথায়। চিত্রনাট্য লেখা এগিয়ে চলেছে।’

তার পরিকল্পনা অনুযায়ী, ‘ইতিহাস’ সিনেমার শেষের দিকের কয়েকটি দৃশ্যের সূত্র ধরেই শুরু হবে দ্বিতীয় কিস্তির গল্প। সেখানে দেখা যাবে, ক্ষমা পেয়ে ২০ বছরের সাজা খেটে কারাগার থেকে বেরিয়ে আসে মারুফের চরিত্রটি।

জেল থেকে বেরিয়ে সে জানতে পারবে, তার বাবা মারা গেছেন, বোন চলে গেছেন আমেরিকায়। অন্যদিকে প্রেমিকা খুশিরও অন্য জায়গায় বিয়ে হয়েছে, তিনি সন্তানের মা হয়েছেন। অর্থাৎ প্রথম সিনেমার গল্পের পরিণতির দুই দশক পরের বাস্তবতা নিয়েই এগোনোর কথা ছিল ‘ইতিহাস ২’-এর কাহিনি।

এদিকে বর্তমানে দুই তারকাই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনা দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। অন্যদিকে চলচ্চিত্রের কাজ কমে যাওয়ায় ২০১৬ সালের দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কাজী মারুফ।

যুক্তরাষ্ট্রে বসেই ‘গ্রিন কার্ড’ সিনেমা নির্মাণ ও পরিচালনা করেন মারুফ। ২০২৪ সালের ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। চলতি বছরের অক্টোবরে ‘শিরোনাম’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি। সিনেমাটির শুটিং বাংলাদেশে করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই অভিনেতা।