ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা ও ধর্মীয় প্রভাবক রাসেল ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। গত সপ্তাহে যুক্তরাজ্যের আদালতে একাধিক যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার (৯ নভেম্বর) তার এই সাজা ঘোষণা করা হয়।
৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ড একসময় হলিউডের আলোচিত কমেডি অভিনেতা ছিলেন। ‘ফরগেটিং সারাহ মার্শাল’ ও ‘গেট হিম টু দ্য গ্রিক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতা পরে ধর্মীয় প্রভাবক হিসেবে নতুন পরিচয় নিয়েছিলেন।
যুক্তরাজ্যের ছয় নারীর সঙ্গে ব্র্যান্ডের সম্পর্ক ও আচরণকে কেন্দ্র করে এসব ফৌজদারি অভিযোগ আনা হয়। ১৯৯০-এর দশকের শেষভাগ থেকে ২০০০-এর দশকের শেষভাগ পর্যন্ত সংঘটিত এসব অভিযোগে চার ভিন্ন নারী বিচারপ্রার্থী হন।
টানা তিন সপ্তাহ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর গত সপ্তাহে জুরিরা তাকে একটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। তবে ধর্ষণের দুটি অভিযোগ এবং অশালীন আচরণের চেষ্টার একটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। বিচার শুরুর শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্র্যান্ড।

