...|...|...

বিনোদন

যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, জানালেন মেয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ১১:২৮
Shares
যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর, জানালেন মেয়ে

ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ধর্ম পরিবর্তনের কারণ জানালেন তার মেয়ে সাবা আলি খান পাতৌদি। মনসুর আলি খান পাতৌদিকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করে ‘আয়েশা’ নাম নিয়েছিলেন শর্মিলা। তবে ব্যক্তিগত এই সিদ্ধান্তের পেছনে মূলত পারিবারিক ও সামাজিক বাধ্যবাধকতা কাজ করেছিল বলে জানিয়েছেন সাবা।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে সাবা জানান, বিয়েটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই তার মা ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যথায় মনসুরের মা অর্থাৎ সাবার দাদি এই বিয়ে মেনে নিতেন না।

ধর্মান্তরের কারণ ব্যাখ্যা করে সাবা বলেন, সে সময় ধর্ম পরিবর্তন করা প্রয়োজনীয় ছিল। এর মাধ্যমে সন্তানদের বৈধতা এবং বিয়ের আইনি স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হতো। এটি কোনো সুবিধা নেওয়ার বিষয় ছিল না, বরং তৎকালীন পরিস্থিতিতে একধরনের বাধ্যবাধকতা ছিল।

সাবার ভাষ্য অনুযায়ী, ধর্মীয় রীতি ও প্রচলিত ব্যবস্থার কারণেও এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। কোনো অমুসলিম নারী মুসলিম পুরুষকে বিয়ে করলে ইসলামের নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণের বিষয় ছিল। সেগুলো না মানলে বিয়েটি স্বীকৃতি পেত না। তার দাদি অন্য কোনোভাবে এই বিয়ে মেনে নিতেন না বলেও জানান সাবা।

তবে ধর্ম পরিবর্তনের কারণে শর্মিলার অভিনয়জীবনে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন মেয়ে। সাবা বলেন, সরকারি নথিপত্রে মায়ের নাম পরিবর্তনের জন্য মনসুর কিংবা তার পরিবারের পক্ষ থেকে কখনো চাপ দেওয়া হয়নি। মনসুর ছিলেন স্বাধীনচেতা মানসিকতার মানুষ। এ কারণে শর্মিলা নিজের অভিনয়জীবনও স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পেরেছেন। এমনকি পাসপোর্টে নাম পরিবর্তন না করায় তার ব্যক্তিত্ব বা পেশাগত জীবনেও কোনো সমস্যা হয়নি।

পরিবারের ধর্মীয় চর্চা নিয়ে সাবা জানান, তাদের পরিবারের সদস্যরা কোনো নির্দিষ্ট ধর্মীয় অনুশাসন কঠোরভাবে অনুসরণ করেন না। তার বাবা ও তিনি ইসলাম ধর্ম অনুসরণ করলেও ছোটবেলা থেকে হোলি, দীপাবলি ও ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনের মধ্য দিয়ে বড় হয়েছেন।

সাবা বলেন, তার বাবা-মা সন্তানদের নিজেদের পছন্দ ও বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের স্বাধীনতা দিয়েছিলেন।

উল্লেখ্য, শর্মিলা ঠাকুর ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি ১৯৬৯ সালে বিয়ে করেন। তাদের তিন সন্তান- সাইফ আলি খান, সাবা আলি খান ও সোহা আলি খান।