...|...|...

বিনোদন

পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর, জানালেন নানা অজানা তথ্য

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ১:২৮
Shares
পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর, জানালেন নানা অজানা তথ্য

পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সাথে বিয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা নানা আলোচনা-সমালোচনার মধ্যে ইউটিউব লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন তিনি। একই সাথে বিয়ের প্রক্রিয়া, সম্পর্ক গোপন রাখার কারণ এবং বিভিন্ন গুঞ্জন নিয়েও কথা বলেন এই ব্লগার।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন আসাদ নূর। সেখানে তিনি জানান, পারশার সাথে তার বিয়ে হয়েছে ভারতের বিশেষ বিবাহ আইন, ১৯৫৪ (Special Marriage Act, 1954) অনুযায়ী। তার দাবি, বিয়ের ক্ষেত্রে কোনো ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতে হয়নি।

বিয়ের বিষয়টি এত দিন সরাসরি প্রকাশ না করার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তিনি জানান, সমাজে প্রচলিত কিছু ট্যাবু ভাঙার উদ্দেশ্যে পরিকল্পিতভাবেই বিষয়টি ঘিরে কৌতূহল তৈরি করা হয়েছিল। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ইঙ্গিতও রেখে দেওয়া হয়।

তার ভাষ্য অনুযায়ী, পাঞ্জাবি, শাড়ির আঁচল ও ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলো ইচ্ছাকৃতভাবেই সামনে আনা হয়েছিল। আবার কিছু ছবি আড়াল করে রাখা এবং প্রকাশ্যে বিষয়টি এড়িয়ে যাওয়ার মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করা হয়।

আসাদ নূর জানান, ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ে নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল এবং ধর্মীয় ও জাতীয়তাবাদী উগ্র মানসিকতাকে প্রশ্নের মুখে ফেলতেই এমন কৌশল নেওয়া হয়েছিল।

লাইভে পারশার পরিবার সম্পর্কেও কথা বলেন তিনি। আসাদ নূরের ভাষ্য, পারশা তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন এবং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোটবেলা থেকেই সংগীত ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন পারশা।

পারশার শিল্পীসত্তা, পেশাগত অর্জন ও ব্যক্তিগত যোগ্যতার প্রশংসা করে আসাদ নূর জানান, তার প্রতি সম্মান রেখেই একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে তাদের বিয়ের সাথে রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা আর্থিক সুবিধার সম্পর্ক রয়েছে- এমন গুঞ্জনও নাকচ করেন আসাদ নূর। তার দাবি, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপিসহ কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তারা বা তাদের পরিবারের কেউ অর্থ কিংবা অনুদান নেননি।

পারশার রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় পারশা পরিচিত মুখ ছিলেন। ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পর ক্ষমতার সুযোগ নেওয়ার পরিবর্তে তিনি জুলাই আন্দোলনের পক্ষের মানুষের সাথেই যুক্ত ছিলেন বলে দাবি করেন আসাদ নূর।

ধর্ম নিয়ে নিজের অবস্থানের পরিবর্তনের কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, গত এক থেকে দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করছেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার বিষয়টিও এখন তার কাছে ভালো লাগে না। সমাজে ধার্মিক ও নাস্তিক- উভয় শ্রেণির মধ্যেই ভালো মানুষ রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশাকে নিয়ে আপত্তিকর ট্রল ও অপপ্রচারের অভিযোগ তোলেন আসাদ নূর। এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে নারীদের সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিয়ে ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে আসাদ নূর দাবি করেন, পুরো বিষয়টি ছিল তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। একই সাথে সমাজের প্রচলিত কিছু ধারণা ও মানুষের প্রতিক্রিয়া বোঝার প্রচেষ্টাও ছিল এর পেছনে।