প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই তারকা নিজেই প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন। এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) হাওয়াইয়ের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’য়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন টোবি নিজেই। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই বিয়ের আয়োজন করা হয়।
জিয়োফ্রি ওগুনলেসি নাইজেরিয়ার ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। জেনিফারের বিয়ের অনুষ্ঠানে হলিউডের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন র্যাচেল জো, কোর্টনি কক্স, লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার স্ত্রী লরেন সানচেজ বেজোস।
২০০৭ সালে বিয়ে করেছিলেন টোবি ও জেনিফার। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালের অক্টোবরে আলাদা হওয়ার ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীর বিশেষ দিনে টোবির উপস্থিতি এবং বিয়ের অনুষ্ঠানে তার ভূমিকা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জেনিফার ও জিয়োফ্রির সংসারে সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আসার কয়েক মাস পর তাদের বিয়ে হলো। গত ২১ জুন পিতৃদিবসে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সন্তান জন্মের খবর জানিয়েছিলেন জেনিফার।
জেনিফার ও জিয়োফ্রির সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালে। ওই বছরের নভেম্বর মাসে একটি অনুষ্ঠানে একসাথে লাল গালিচায় হাজির হয়ে নিজেদের সম্পর্কের কথা জানান তারা। পরে ২০২৪ সালের আগস্টে ইনস্টাগ্রামে বাগ্দানের খবর প্রকাশ করেন জেনিফার।
প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবি ম্যাগুয়ারের এমন উপস্থিতি এবং নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তে তার পাশে থাকার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পরও এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি নিয়ে কৌতূহল প্রকাশ করছেন অনেকে।


