বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর নিজের সন্তানদের চলচ্চিত্রজগতে আনতে আগ্রহী নন। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমার সাথে যুক্ত থাকলেও এই অঙ্গনে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ গড়ার বিষয়ে তার রয়েছে আপত্তি। এর পেছনে মূল কারণ সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগ।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তাদের সাথে কথোপকথনের একপর্যায়ে সন্তানদের বেড়ে ওঠা এবং বিনোদনজগতে অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা হয়। তখনই নিজের সন্তানদের পেশাগত ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন করণ।
করণ জানান, তিনি চান না তার ছেলে-মেয়ে বলিউডে ক্যারিয়ার গড়ুক। কারণ, এই জগতের প্রতিকূল পরিবেশে সন্তানদের সব সময় সুরক্ষা দিতে পারবেন কি না, তা নিয়ে তার মনে সংশয় রয়েছে।
নিজের অবস্থান ব্যাখ্যা করে পরিচালক বলেন, সন্তানরা যখন এই পেশায় আসার মতো বড় হবে, তখন তাদের পাশে থেকে আগলে রাখার মতো বয়স কিংবা সক্ষমতা তার নাও থাকতে পারে। এই আশঙ্কা থেকেই সন্তানদের বলিউডমুখী হতে নিরুৎসাহিত করেন তিনি।
বলিউডের ভেতরের পরিবেশ সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা থেকেই করণের এমন ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


