নীতীশ তিওয়ারীর মেগাপ্রজেক্ট ‘রামায়ণ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। এই সিনেমায় তাকে দেখা যাবে ‘সীতা’ মায়ের চরিত্রে। বর্তমানে এই ছবি নিয়েই পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে সহ-অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবেকে সাথে নিয়ে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন তিনি।
সেখানে শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান-কেমন পুরুষকে তিনি জীবনসঙ্গী হিসেবে পাশে পেতে চান? বিগ বচ্চনের এমন প্রশ্নের চমৎকার এক উত্তর দিয়ে সবার মন জয় করে নেন সাই পল্লবী।
অভিনেত্রী জানান, তার জীবনসঙ্গী নির্বাচন নিয়ে খুব বড় কোনো তালিকা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত তাকে একজন খাঁটি ও ভালো মানুষ হতে হবে। খুব বেশি আত্মকেন্দ্রিক হলে চলবে না। এমন একজন মানুষ প্রয়োজন, যিনি আত্মবিশ্লেষণ করতে জানেন, নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে তা শুধরে নেওয়ার মানসিকতা রাখেন।’
এরপর একটু মুচকি হেসে নিজের পছন্দের আরেকটি শর্ত যোগ করে সাই পল্লবী বলেন, ‘মানুষটা ভালো হওয়ার পাশাপাশি তার যদি রান্নার হাতটাও ভালো হয়, তবে তো সোনায় সোহাগা!’
শোয়ে অমিতাভ বচ্চন তার ডাক্তারি পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার পেছনের কারণ জানতে চাইলে সাই পল্লবী জানান, ঈশ্বরই তার ভাগ্যলিপিতে অভিনয়ে আসার পথ তৈরি করে দিয়েছিলেন।
তার এমন উত্তর শুনে অমিতাভ বচ্চন খানিকটা অবাক হলেও পাশে বসা রণবীর কাপুর রসিকতা করে বলে ওঠেন, ‘স্যার, ওটার প্রেসক্রিপশন তো স্বয়ং ভগবানই লিখে দিয়েছিলেন যে, ওনাকে অভিনয়ই করতে হবে!’ রণবীরের এই রসিকতায় হেসে ওঠেন উপস্থিত দর্শক ও সবাই।
শোয়ের অন্য একটি প্রমোতে সাই পল্লবী জানান, সাধারণ কোনো চরিত্রে অভিনয় করার সময় তিনি সাধারণত ভাবেন যে চরিত্রটিকে তিনি কী দিতে পারবেন। কিন্তু ‘সীতা’ মায়ের মতো পবিত্র চরিত্রের ক্ষেত্রে তিনি উল্টো ভেবেছেন- এই চরিত্র থেকে তিনি কী জ্ঞান বা শিক্ষা অর্জন করতে পারবেন। কোনো রকম কৌশল বা ফন্দি না করে স্রেফ সীতা মায়ের কাছে প্রার্থনা জানিয়েই তিনি শুটিং শুরু করেছিলেন।
উল্লেখ্য, যশ ও নমীত মালহোত্রার যৌথ প্রযোজনায় প্রায় চার হাজার কোটি টাকা বাজেটের এই মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। এ ছাড়াও অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়ের মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। বহুল প্রতীক্ষিত এই সিনেমার প্রথম পর্বটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।


