...|...|...

বিনোদন

শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ৯:১৬
Shares
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। এসব অভিযোগের ব্যাখ্যা চেয়ে অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

শাহরিন আক্তার ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর স্বত্বাধিকারী। আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রযোজকের অভিযোগ, ‘ঠিকানা’ সিনেমাকে কেন্দ্র করে শরীফুল রাজের সাকরা চুক্তির শর্ত ভঙ্গ করা হয়েছে। পাশাপাশি এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘনের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন প্রযোজক।

তবে চুক্তির ঠিক কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, প্রযোজকের অভিযোগ ও আইনি নোটিশের বিষয়ে এখন পর্যন্ত শরীফুল রাজের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তার পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরীফুল রাজের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। চলতি বছর তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেতা।