বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে নিহত তাহসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় লাশ ভাসছে।
খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিগত অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানান, নিহত তাহসিফ তার সিনিয়র পরিচিত ছিলেন।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে দীপের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। হত্যার কারণ উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ ছাড়া নিহতের ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান শনাক্ত করার বিষয়টিও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দীপকে গ্রেফতার দেখায় পুলিশ।


