...|...|...

রাজধানী

বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগে বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৬
Shares
বাসায় মাদক ও ডিজে পার্টির অভিযোগে বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজ বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় ওই কর্মকর্তার বাসায় অভিযান চালায়। ডিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় সেখানে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মাশেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযানে গাঁজা, ইয়াবা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসম্মুখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।