...|...|...

জাতীয়

পলায়ন ও অসদাচরণের ঘটনায় পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৩
Shares
পলায়ন ও অসদাচরণের ঘটনায় পুলিশের ৭ কর্মকর্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি নির্দেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ ও শৃঙ্খলা-২ শাখার পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ, শ্যামল কুমার মুখার্জী, মো. আনিসুর রহমান, সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন, মো. মনিরুজ্জামান সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফারহানা তাসকিন ও মো. মনিরুজ্জামান সরকার বিদেশে গিয়ে ছুটি শেষে দেশে ফিরে কর্মস্থলে যোগ দেননি। অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও দীর্ঘদিন অনুপস্থিতি, সরকারি নির্দেশ অমান্য ও পলায়নের অভিযোগ রয়েছে।

কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্ত, সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।