...|...|...

জাতীয়

বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ২:৩৭
Shares
বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

সাত মাস সময়ে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সম্পন্ন হওয়া উপনির্বাচনের ফলাফলের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে।

বিরোধী দলগুলোর রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড ঢাকা দেওয়া রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল দল; সরকারের যে কোনো ব্যর্থতা বা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা পেশ করেন- এটিই বিএনপির সততা ও অন্যান্য দলের সাথে মূল পার্থক্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিষ্কার ও বাসযোগ্য ঢাকা গড়ার যে প্রচেষ্টা বিএনপি গ্রহণ করেছে, তার ওপর ভিত্তি করেই আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মতো উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশন ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।