জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই তাই স্থানীয় সরকার নির্বাচনেও জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মইন খান ও বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলে তাতে মানবাধিকার লঙ্ঘন হতে পারে।
তিনি বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কি পারবেন না।
এসময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তারপরও আইন পর্যালোচনা করে পারবেন কি না তা ঠিক করবেন নির্বাচন কমিশন।
এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।


