পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী রবিবার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাকশ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমমন্ত্রী।
বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। রবিবার সকাল থেকেই এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট নেতাদের সাথে আলোচনা করে একে একে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে শিল্পকারখানার সুরক্ষা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করবে।
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে সরকার দুটি ঈদসহ বিভিন্ন উৎসব ও সময়ে শ্রমিকদের মজুরি পরিশোধ করতে সক্ষম হয়েছে।
শ্রমিক আন্দোলনে বাইরের কোনো পক্ষের উসকানি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে কারা শ্রমিকদের উসকানি দিচ্ছে, তা সবাই দেখতে পাচ্ছেন। এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।
শ্রমিকদের প্রতি সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, রোববার থেকে নেওয়া পদক্ষেপের মধ্য দিয়ে সাধারণ শ্রমিকরা সরকারের অবস্থান বুঝতে পারবেন। শ্রমিকদের দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, আলোচনার ভিত্তিতে শ্রমিকদের প্রত্যাশিত বিষয়গুলোতে দ্রুত অগ্রগতি হবে।


