মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত না থাকায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভার শুরুতেই বিভিন্ন দফতরের প্রধানদের অনুপস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে বলেন, যারা আজ এখানে আসে নাই তাদের সবার নামের তালিকা করেন, খাগড়াছড়ি পাঠিয়ে দিলে ঠিক হয়ে যাবে।
তিনি আরও বলেন, এই যে আমরা এখানে বসলাম, যার যার অবস্থান থেকে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি অনেক কাজ করতে পারবো। সবাই সমন্বয় হয়ে কাজ করলে যার যার অবস্থান থেকে কাজ করতে সুবিধা হয়। মৌলভীবাজারের সকল কর্মকর্তার মাঝে সমন্বয় থাকলে সরকারি অনেক কাজের রীতিনীতি সহজে করা যায়।
মন্ত্রী সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা গুরুত্বের সাথে নোট করেন। তিনি বলেন, আজকে যেসকল প্রস্তাব তুলে ধরা হলো সব কিছু নোট করে নিলাম। এখন দেখার বিষয় হলো আজকের প্রস্তাবগুলো আগামী মাসে কয়টি বাস্তবায়ন করলাম। আজ আমরা জেলা ভিত্তিক করছি, আগামীতে উপজেলা গুলোতেও মিটিং করবো। এভাবে কাজ এগিয়ে নিতে হবে।
সভায় মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্প, প্রবাসী কল্যাণ, শ্রমিকদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের পদস্থ কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা মন্ত্রীর এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সমন্বয়হীনতার কারণে জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মন্ত্রীর এই হুঁশিয়ারির পর প্রশাসনে গতি ফিরবে বলে আশা করছেন তারা।


