জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’
চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর ঘটনায় এমন মন্তব্য করেছেন তিনি ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেভেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকে নীরব ছিলেন, তখন সালমান মুক্তাদির প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন তিনি।’
তিনি আরও লেখেন, এই হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ আমাদের দেশকে সকল চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করুন।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে অবস্থিত নিউগিনি হাউজিং প্রোজেক্টের শতাধিক সন্ত্রাসী গুলিবর্ষণ করে প্রবেশ করে তাণ্ডব চালায়, কোপানো হয় বেশ কয়েকজনকে। দুর্বৃত্তদের হামলায় তছনছ হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও।
স্থানীয়রা জানায়, মুখোশধারী শতাধিক ব্যক্তি ৪টি পিকআপ ভ্যানে করে দক্ষিণ মানিকদীতে নির্মাণাধীন আবাসিক এলাকাটিতে ঢুকে পড়ে। এ সময় আতঙ্ক ছড়াতে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। অনেকের হাতেই দেশীয় অস্ত্র, ভেঙে ফেলা হয় সব সিসিটিভি ক্যামেরা, কুপিয়ে আহত করা হয় বেশ কয়েকজনকে।


