বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের প্রতিটি জায়গায় কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইয়ের অকুতোভয় কণ্ঠস্বর সালমান মুক্তাদিরের স্টুডিয়োতে ব্যাপক ভাংচুর, ছিনতাই ও লুটপাট করেছে বিএনপির সন্ত্রাসীরা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে চাঁদাবাজি ও দখলদারির যে ত্রাস তৈরি হয়েছে, এটি তারই একটি ভয়াবহ নমুনা।’
তিনি লেখেন, ‘আমরা দেখছি, বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের প্রতিটি জায়গায় কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে। তারা যেন দেশটাকে নিজেদের জমিদারি মনে করে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা জায়গায় খাজনার মতো চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই হামলা, ভাঙচুর, লুটপাট। মানুষের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, বছরের পর বছর পরিশ্রমে দাঁড় করানো ব্যবসা কিংবা প্রতিষ্ঠান মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হচ্ছে।’

এভাবে একটি দেশ চলতে পারে না উল্লেখ করে ডাকসু ভিপি লেখেন, ‘নিজের দলের নব্য জমিদারদের লাগাম সরকার যত দ্রুত টেনে ধরতে পারবে, সেটা তাদের নিজেদের জন্যই মঙ্গলজনক হবে। বাংলাদেশকে আমরা আর কারও জমিদারিতে পরিণত হতে দেব না, এই দেশ হবে জনগণের।’


