...|...|...

বিনোদন

৫ বছর পর আবারও ফিরছে ‘মীরাক্কেল’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৩
Shares
৫ বছর পর আবারও ফিরছে ‘মীরাক্কেল’

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। অনুষ্ঠানটির ১১তম সিজন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ। নতুন মৌসুমের খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এবারও অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন মীর আফসার আলী। পাশাপাশি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে এবারের আসর। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে নতুন সিজনের প্রচারঝলক।

নতুন মৌসুমে অংশ নিতে বয়সের কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি। সব বয়সের কমেডি প্রতিভাদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারি থেকেই টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে ‘মীরাক্কেল’র নতুন সিজন।

উল্লেখ্য, টানা পাঁচ বছর অনুষ্ঠানটির নতুন কোনো পর্ব প্রচারিত হয়নি। দীর্ঘদিন শোটি বন্ধ থাকায় দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও হাসি ও আনন্দের আয়োজন নিয়ে ফিরছে জনপ্রিয় এই কমেডি শো।

তবে এবারের সিজনে বিচারকের আসনে কারা থাকছেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। ফলে নতুন সিজনে প্রতিযোগীদের পাশাপাশি বিচারক প্যানেল নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।