...|...|...

বিনোদন

বিশ্বসুন্দরীর মঞ্চে নজর কাড়ছেন বাংলাদেশের মাহি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৪
Shares
বিশ্বসুন্দরীর মঞ্চে নজর কাড়ছেন বাংলাদেশের মাহি

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনে নজরকাড়া উপস্থিতি ও ফ্যাশনেবল লুকে আলোচনায় এসেছেন তিনি। এবার পুয়ের্তো রিকোর সমুদ্রপাড়ে হলুদ গাউনে ফটোশুট করে সামাজিক মাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়েছেন এই সুন্দরী।

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে এবারের মিস ইউনিভার্সের মূল আয়োজন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে আন্তর্জাতিক এই মঞ্চে অংশ নিয়েছেন মাহি। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আগে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ফটোশুটে অংশ নিচ্ছেন তিনি।

সম্প্রতি সমুদ্রের মনোরম পরিবেশে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মাহি। ছবিতে তার পরনে দেখা গেছে হলুদ রঙের ফ্লোর-টাচ গাউন। ফুলহাতা পোশাকটির কোমরের অংশে রয়েছে পাথরের নকশার কারুকাজ। পাশাপাশি গায়ে ছিল ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।

একই আয়োজনে মিসর, হংকং, ভেনেজুয়েলা ও নিউজিল্যান্ডের সুন্দরীদের সাথেও ছবি তুলেছেন মাহি। তাদের মধ্যে রয়েছেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন।

ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

এদিকে প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা মাহি বাংলাদেশকে এগিয়ে নিতে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন চেয়েছেন।

গত ৭ নভেম্বর রাজধানীতে জমকালো আয়োজনে সামিরা খান মাহিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে বসবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। মাহির হাত ধরে এবার বিশ্বমঞ্চে বাংলাদেশ নতুন কোনো সাফল্য পাবে এমন প্রত্যাশা দেশের সৌন্দর্যপ্রেমীদের।