...|...|...

বিনোদন

কারিনার পর এবার দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’, পুরোনো ছবি ঘিরে নতুন বিতর্ক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৯
Shares
কারিনার পর এবার দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’, পুরোনো ছবি ঘিরে নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের ফ্যাশন ও সাজসজ্জা নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে পোশাক বা অলংকারে ধর্মীয় প্রতীক কিংবা পবিত্র বাণীর ব্যবহার হলে তা কখনও কখনো বিতর্কের জন্ম দেয়। এবার এমনই এক আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি। কারিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে ভাইরাল হয়েছে দীপিকার ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবের ছবি।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দীপিকা। ওই আয়োজনে তিনি পরেছিলেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি জমকালো গয়না। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি মহারানি নেকলেস। মূল্যবান রত্ন ও আনকাট হিরায় তৈরি নেকলেসটিতে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর হেফাজতে’।

সব্যসাচির ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশনের অংশ ছিল বিশেষ নকশার এই নেকলেস। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি গয়নাটি দীপিকার পশ্চিমা পোশাকের সাথে ভিন্ন মাত্রা যোগ করেছিল। সে সময় বিষয়টি খুব বেশি আলোচনায় না এলেও করিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর ছবিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে ২০২৬ সালের দীপাবলি উৎসবে ৩০ ক্যারেটের পান্নার একটি পেনডেন্ট পরেছিলেন কারিনা কাপুর খান। পেনডেন্টটিতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটা পট্টির কাজ করা বেইজ রঙের পাগড়ির সাথে গয়নাটি পরেছিলেন তিনি।

করিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, পেনডেন্টটি ভোপালের রাজপরিবারের সংগ্রহের অংশ। রাজপরিবারের নিজস্ব সংগ্রহশালা থেকেই গয়নাটি নেওয়া হয়েছিল বলে জানা যায়।

তবে গয়নায় পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে করিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তার অভিযোগ, ফ্যাশনের উপকরণ হিসেবে পবিত্র ধর্মীয় আয়াত ব্যবহার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা রক্ষার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, বিতর্কের মধ্যে করিনার পাশে দাঁড়িয়েছে ভোপালের কয়েকটি সংগঠন। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তার কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সিয়াসাত ডেইলি