...|...|...

বিনোদন

নিউইয়র্কে সাইমন, ভারতে মাহি-দেশে মুক্তি পেল ‘আনন্দ অশ্রু’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৩
Shares
নিউইয়র্কে সাইমন, ভারতে মাহি-দেশে মুক্তি পেল ‘আনন্দ অশ্রু’

নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

নায়ক সাইমন সাদিক অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। অন্যদিকে, নায়িকা মাহিয়া মাহি রয়েছেন কলকাতায়। ছবির দুই প্রধান অভিনয়শিল্পীই দেশের বাইরে থাকলেও শুক্রবার (১৩ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’।

প্রেমের গল্পনির্ভর সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন আসাদ জামান ও পরিচালক নিজেই।

সিনেমার গল্প শুরু হয়েছে বিয়ের পরের ঘটনা দিয়ে। সাইমন ও মাহিয়া মাহি ছাড়াও এতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ আকিব ও চিকন আলী। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জয় চৌধুরীকে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজনার সাথেও যুক্ত রয়েছেন সাইমন।

এর আগে সাইমন-মাহি জুটিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পান সাইমন।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে নিউইয়র্কে রয়েছেন সাইমন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর থেকে তার দেশে ফেরার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়েছিলেন মাহিয়া মাহি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পর আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে এরপর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। ২০২৫ সালের জুনে তার দেশ ছাড়ার খবর প্রকাশিত হয়।

দেশের বাইরে অবস্থান করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিনীত ‘আনন্দ অশ্রু’র প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাইমন ও মাহি। উল্লেখ্য, নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর অভিনীত একই নামের একটি জনপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছিল।