টানা ১৭ মাস ধরে নিয়মিত প্রচারিত হওয়া দেশের দীর্ঘতম এবং সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ অবশেষে তার দীর্ঘ ও স্মরণীয় পথচলার ইতি টানতে যাচ্ছে। সিরিজটির শেষ অধ্যায় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ – চ্যাপ্টার ১৭ (পার্ট এ)’ ইতোমধ্যে মুক্তি পেয়েছে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।
পরিচালক কাজল আরিফিন অমির নির্মাণে জনপ্রিয় এই সিরিজের কাবিলা, নেহাল, পাশা ভাই ও হাবুর মতো চরিত্রগুলো দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে শুরু করে অফিসের আড্ডা—সবখানেই জায়গা করে নিয়েছে তাদের জনপ্রিয় সংলাপ ও মজার কর্মকাণ্ড। ফলে প্রিয় চরিত্রগুলোর বিদায় ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও স্মৃতিকাতরতা।
দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে শেষ অধ্যায়টি দুটি বিশেষ ভাগে প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে প্রথম ছয়টি পর্ব মুক্তি পেয়েছে। বাকি ছয়টি পর্ব আগামী ২৬ নভেম্বর প্রকাশ করা হবে।
এদিকে শেষ অধ্যায় উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে বঙ্গ। যাদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর সিজন পাস রয়েছে, তারা পুরো চ্যাপ্টারটি বিনামূল্যে দেখতে পারবেন। অন্যদিকে নতুন দর্শকরা ৬০ টাকার পরিবর্তে মাত্র ৫০ টাকায় উপভোগ করতে পারবেন পুরো ১২টি পর্ব।
সিরিজটির সমাপ্তি নিয়ে পরিচালক কাজল আরিফিন অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ তার জীবনের সবচেয়ে স্মরণীয় যাত্রাগুলোর একটি। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অর্জনের জন্য নিজের টিম, শিল্পী, কলাকুশলী, স্পনসর, চ্যানেল ও পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষভাবে বঙ্গকে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এই নির্মাতা।
অন্যদিকে বঙ্গের পরিচালক ও সিরিজটির প্রযোজক মুশফিকুর রহমান মনজু বলেন, টানা ১৭ মাস ধরে একটি সিরিজকে দর্শকদের ভালোবাসার শীর্ষে ধরে রাখা বাংলাদেশের বিনোদন জগতে বিরল অর্জন। তার মতে, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি সফল বিনোদনমূলক প্রজেক্ট নয়, বরং বাংলাদেশের কোটি দর্শকের আবেগের জায়গা।
দীর্ঘদিনের জনপ্রিয় এই সিরিজের শেষ অধ্যায় ঘিরে এখন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। হাসি, আড্ডা, আবেগ আর স্মৃতিতে ভরা ব্যাচেলর গ্যাংয়ের শেষ যাত্রা উপভোগ করতে দর্শকরা এখন চোখ রাখছেন বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।

ছবি: সংগৃহীত
