আগামী দিনে জামায়াতে ইসলামী সরকারি দল হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম। তিনি বলেছেন, ৫ তারিখের চেয়েও বড় বিপ্লবের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ ও জনগণের মন জয় করে সামনে এগিয়ে যেতে হবে।
শনিবার ফেনীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে নবনির্বাচিত জেলা আমিরের আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু তাহের মুহাম্মদ মাছুম বলেন, জামায়াতে ইসলামীকে পর্যায়ক্রমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করেই দলটি এ পর্যায়ে এসেছে। সৎ ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতের বিকল্প নেই। ইতিমধ্যে দলটি প্রধান বিরোধী দলের অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আল্লাহ তায়ালা মানুষকে দায়িত্বশীল হিসেবে সৃষ্টি করেছেন। তাদের কাজ আল্লাহর নির্দেশনা অনুযায়ী পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এর ব্যত্যয় হলে অমুসলিমদের হাতে ক্ষমতা চলে যাবে। সারা দুনিয়ায় মুসলিম রাষ্ট্রগুলো দায়িত্ব পালন করতে না পারায় অমুসলিমদের হাতে নেতৃত্ব চলে গেছে।
মুসলিম জাতি নেতৃত্বশূন্য উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, অন্য জাতির নেতা আছে, আমাদের নাই। ইসলামী খেলাফত তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যে ইখওয়ানুল মুসলেমিন এবং উপমহাদেশে জামায়াতে ইসলামী কাজ করছে। ফ্যাসিবাদী আমলে অনলাইনে শপথ দেওয়া হতো। ফ্যাসিবাদের পতনের পর উন্মুক্ত পরিবেশে শপথের আয়োজন করা হয়েছে।
সরকারের সমালোচনা করে আবু তাহের মাছুম বলেন, জনগণের জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তেল, গ্যাস ও সারের দাম আকাশচুম্বী। সরকার দেশ পরিচালনা করতে পারছে না। ৯০ ভাগ মুসলমানের দেশে জাতিসত্তার ওপর আঘাত হানা হচ্ছে। মুসলিম রাষ্ট্রপতির দুর্গা নিয়ে বক্তব্য এবং মন্ত্রী-এমপিদের ধারাবাহিক বক্তব্য এসবের প্রতিফলন। সরকার জামায়াতকে গুরুত্ব দিচ্ছে না। জুলাই সনদ অবজ্ঞা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ কারণে ১১ দল রাজপথে নেমেছে। সামনে আরও কর্মসূচি আসছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল বড় হচ্ছে, কিন্তু আনুগত্যের মধ্যে ঢিলেমি দেখতে পাচ্ছি। অনেকেই দুনিয়াবি স্বার্থের দিকে ঝুঁকছি! এখন থেকে গ্রুপিং, নেতৃত্বের লোভ, সর্বোপরি শৃঙ্খলা ও আনুগত্যের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। একটি মহল জামায়াতের এমপিদের টার্গেট করে চরিত্রহননে কাজ করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ এবং জনগণের মন জয় করে ৫ তারিখের চেয়েও বড় বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।
জেলা আমির নির্বাচন পরিচালক কাজী নজরুল ইসলাম খাদেমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দীন প্রমুখ।


